৪২তম বিসিএস: প্রিলিতে বসছেন ৩১ হাজারের অধিক চিকিৎসক
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন কেন্দ্রে ৪২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসছেন ৩১ হাজারের অধিক চিকিৎসক।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মহামারীকালে অনুষ্ঠিতব্য এ পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ইতিমধ্যে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদেরকে দুপুর একটা থেকে দুইটা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণের নির্দেশনা দিয়েছে পিএসসি।
সূত্রে জানা যায়, ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নতুন পদ্ধতিতে ‘জেড আকারে’ আসন বিন্যাসের পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ প্রথম বেঞ্চে বাম পাশে বসলে পিছনের বেঞ্চে ডান পাশে, একইভাবে পরের বেঞ্চে বাম পাশে পরীক্ষার্থী বসানো হবে। প্রত্যেক পরীক্ষার্থী ও হল পরিদর্শককে অবশ্যই মাস্ক পড়াসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে পরীক্ষার হলে ঢুকতে হবে।
পিএসসি চেয়ারম্যান মো. সোহবার হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ মার্চ ৪২তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বেঞ্চে একজন বিসিএস পরীক্ষার্থীর আসন রেখে ইংরেজি জেড আকৃতিতে বসানো হবে।
এর আগে গত বছরের সাত ডিসেম্বর ৪২তম বিশেষ স্বাস্থ্য বিসিএসের আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৭ ডিসেম্বর। বিশেষ এ বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।
প্রিলিমিনারিতে মেডিকেল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলী (২০), আন্তর্জাতিক বিষয়াবলী (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। অপরদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ৫ নম্বর কাটা যাবে।
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
৩০ নভেম্বর, ২০২০